ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২৩:৩৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিএসএমএমইউয়ে প্রথম নারী উপ-উপাচার্য হলেন ডা. সাহানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান।



আজ বুধবার অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান তার অফিসে কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) এর শূন্য পদে তাকে ৩ বছরের জন্য এ নিয়োগ প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম রওশন আরা বেগম এবং বাবার নাম শাহ্ হাবিবুর রহমান। কামরুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সাহানা আখতার ১৯৮২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএস (শিশু) এবং ১৯৯৫ সালে যুক্তরাজ্য থেকে মেডিক্যাল এডুকেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ব্যক্তিগতভাবে তিন কন্যার জননী। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের জীবনসঙ্গী ।


অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ১৯৯১ সাল থেকে একনিষ্ঠভাবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার সাথে জড়িত। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। থিসিস গাইড হিসেবে তিনি ৩০টিরও বেশি এম.ডি এবং এফ.সি.পি.এস গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন।