বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ১০
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৯ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলের শানুহারে এলাকায় রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানিয়েছেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই সাতজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি।
বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ছাড়া এখানে আসা পাঁচ-ছয় জনের চিকিৎসা চলছে।
