‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার’ পেলেন ৯ নারী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩১ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন নারী পেলেন ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার’। আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ পুরস্কার দিয়েছে। পল্লি উন্নয়ন, নগর উন্নয়ন এবং পানি সম্পদ উন্নয়ন খাতে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল খালেদ।
পল্লী উন্নয়ন খাতে পুরস্কারপ্রাপ্ত আত্মনির্ভরশীল নারীরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ললিতা রায় (প্রথম), পঞ্চগড় জেলার সদর উপজেলার মোছা. মরিয়ম বেগম (দ্বিতীয়) এবং সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুদবানু (তৃতীয়)।
নগর উন্নয়ন খাতে পুরস্কারপ্রাপ্ত আত্মনির্ভরশীল নারীরা হলেন- বান্দরবান সদর পৌরসভার বিউটি আক্তার (প্রথম), কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকার তাজনাহার আক্তার (দ্বিতীয়) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার মোছাঃ লাকী খাতুন (তৃতীয়)।
পানি সম্পদ উন্নয়ন খাতে পুরস্কারপ্রাপ্ত আত্মনির্ভরশীল নারীরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার নুসরাত বেগম স্বপ্না (প্রথম), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রোজিনা আক্তার (দ্বিতীয়) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার করফুন্নেছা (তৃতীয়)।
সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরামের সভাপতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন নির্বাহি প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন।
