ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:৫০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জনগণের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১ জুন ২০২২ বুধবার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। কারণ পদ্মা সেতু বাস্তবায়নে দেশের ভেতরের ও বাইরের অনেক চাপ ছিল।

আজ বুধবার শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি তুলে ধরেন।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন,‘আমরা কাজটা করতে পেরেছি। এটা নিয়ে আনন্দে আপ্লুত ছিলাম। আমাদের অনেক বড় বড় অর্জন রয়েছে। তবে পদ্মা সেতু একটি অন্যতম অর্জন।
 
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়ে গেল। সেতু বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপের বিষয়ে একনেক সভায় খোলামেলা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। দেশের ভেতরের ও বাইরের অনেক প্রতিকূলতা ছিল বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে তিনি আরও বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে তা সবাইকে পরিশোধ করতে হবে। পাওনা না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দিতে হবে। বিদ্যুৎ বিল সরকারি ও বেসরকারি সবাইকে দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি স্থল বন্দরে আরও উন্নত করতে হবে। আধুনিক স্থাপনা ও সিস্টেম বসাতে বলেছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ সড়ক বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। নতুন সড়ক বানানো প্রয়োজন। তবে বিদ্যমান সড়ক আগে সংস্কার করতে বলেছেন প্রধানমন্ত্রী।