আগামীকাল দেশব্যাপী রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১২:১৪ এএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার
নেপালের কাঠমান্ডুতে সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার ‘শোক দিবস’ ঘোষণা করেছে সরকার। কাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে দোয়া ও প্রার্থনাসভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার বাংলাদেশের বেসরাকরি বিমান পরিচালনাকারী সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন; যাদের মধ্যে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান ও সহকারী বৈমানিক পৃথুলা রশীদ এবং দুই কেবিন ক্রু শারমীন আক্তার নাবিলা ও খাজা হুসাইন এবং ২২ বাংলাদেশি যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ১০ বাংলাদেশি। এই দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী তার সিঙ্গাপুর সফর এক দিন সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন।
এর আগেই বাংলাদেশ থেকে চিকিৎসক এবং আরো প্রয়োজনীয় লোকবল নিয়ে একটি বিমান পাঠানো হয় নেপালে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালও এখন দেশটিতে অবস্থান করছেন। বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকেও আহতদের তাদের খরচে দেশে আনা এবং চিকিৎসার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। তবে দুর্ঘটনার পর আগুন লেগে যাওয়ায় অনেক মরদেহ পুড়ে গেছে। ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
