ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:১৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ক্রিপাল নিয়ে হ্যালি দুষলেন রাশিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:৫৯ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

কাছের বন্ধুর পাশে ফের দাঁড়াল আমেরিকা। রাশিয়ায় ব্রিটেনের হয়ে কাজ করা প্রাক্তন চর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মারার চক্রান্তের ঘটনায় সরাসরি রাশিয়ার হাত রয়েছে বলে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। এবার তাতে সায় দিল আমেরিকা এবং ফ্রান্সও।


বৃহস্পতিবার এই বিতর্কের জেরে ধরে ব্রিটেন থেকে ২৩জন রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন টেরেসা। এদিন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেছেন, ‘‘আমেরিকা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর পাশে রয়েছে। এই ষড়যন্ত্রের পিছনে রাশিয়া রয়েছে-ব্রিটেনের এই মতে আমাদেরও সমর্থন রয়েছে। কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত ঠিক বলেই আমরা মনে করছি।’’


মুখ খুলেছেন জাতিসংঘে আমেরিকার দূত নিকি হ্যালিও। রুশ সরকার আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে বলে নিরাপত্তা পরিষদের বৈঠকে অভিযোগ তুলেছেন তিনি। ব্রিটেনের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের পদক্ষেপে দ্রুত রাশ না টানলে ব্রিটেনের স্যালিসবেরিতেই (এখানেই স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দেওয়া হয় বলে অভিযোগ) এই ঘটনা থেমে যাবে না। আমেরিকার যে কোনও শহরে এমনটা ঘটনা ঘটতে পারে।’’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরও ব্রিটেনের অবস্থানে এদিন সমর্থন জানিয়েছেন।


রাশিয়া অবশ্য সব অভিযোগই উড়িয়ে দিচ্ছে। নিরাপত্তা পরিষদে মস্কোর দূত ভ্যাসিলি নেবেঞ্জিয়ার পাল্টা দাবি, ব্রিটেনই এই কাণ্ড ঘটিয়ে রাশিয়াকে ফাঁসাতে চাইছে।