ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:৫৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন মন্ত্রিসভায় অনুমোদন  

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রিসভায় ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি বলেন, খসড়া আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবে। বিদেশে থাকা বাংলাদেশি কর্মীরাও এ কর্মসূচিতে চাঁদা দিয়ে অংশ নিতে পারবে। কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, ৬০ বছর পূর্ণ হওয়ার পর থেকে পেনশন পাওয়া শুরু হবে। চাঁদা কত হবে, তা বিধি করে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, পেনশনাররা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন। পেনশনে থাকাকালে ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে চাঁদা জমাকারীর নমিনি অবশিষ্ট সময়কালের জন্য ওই মাসিক পেনশন পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, একজন চেয়ারম্যানের নেতৃত্বে চারজন সদস্য নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে। এ ছাড়া ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে।