মরিশাসের রাষ্ট্রপতির পদত্যাগ
ডেস্ক প্রতিবেদন
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
আর্থিক দুর্নীতির দায়ে আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান দ্বীপরাষ্ট্র মরিশাসের প্রেসিডেন্ট আমিনা গারিব-ফাকিম পদত্যাগ করেছেন। আগামী ২৩ মার্চ শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যহতি নেবেন।
শনিবার গারিবের আইনজীবী ইউসুফ মোহামেদ এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়টি জানান।
বেশ কিছুদিন ধরেই মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যমে সমালোচিত হচ্ছিলেন ৫৮ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধান। তার বিরুদ্ধে একটি সংস্থা থেকে পাওয়া ক্রেডিট কার্ডের অপব্যবহারের অভিযোগ তুলে আসছিল এল’ এক্সপ্রেস নামের একটি পত্রিকা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গারিব-ফাকিম লন্ডনভিত্তিক প্ল্যানেট আর্থ সংস্থার একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজের জন্য ২৭ হাজার ডলার খরচ করেছেন। এই সংস্থাটির প্রতিষ্ঠাতা অ্যাঙ্গোলার ধনকুবের আলভারো সব্রিনহো প্রতারণার অভিযোগে সুইজারল্যান্ড ও পর্তুগাল থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে তিনি ওই অর্থ পরে ফেরত দিয়েছিলেন।
লন্ডনভিত্তিক প্ল্যানেট আর্থ সংস্থাটি ২০১৫ সালে আফ্রিকায় বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নয়নের জন্য উদ্যোগ নেয়। এ কারণে ২০১৬ সালের মে মাসে সংস্থাটির পক্ষ থেকে ভ্রমণ ও প্রযুক্তিগত খাতে খরচ করার জন্য তাকে ওই ক্রেডিট কার্ডটি ইস্যু করা হয়েছিল।
এদিকে অভিযোগ অস্বীকার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমিনাহ গারিব ফাকিম। তার দাবি, উদ্দেশ্যমূলকভাবে এক বছর আগের একটা ঘটনাকে এখন প্রকাশ্যে এনে হইচই করা হচ্ছে। শপিংয়ে যে অর্থ তিনি খরচ করেছিলেন, এরইমধ্যে তা প্ল্যানেট আর্থ ইনস্টিটিউটকে ফিরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, খ্যাতিমান বিজ্ঞানী ও রসায়নের অধ্যাপিকা ফাকিম মরিশাসের প্রথম নারী প্রেসিডেন্ট। ২০১৫ সালে তিনি মরিশাসের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
