ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জা‌তিসং‌ঘে পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় উদযাপনের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন করে‌ছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।
শ‌নিবার মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা, প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ঐ উদযাপন আয়োজনে যোগ দেন।

স্থায়ী মিশন জানায়, পদ্মাসেতুর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু করা হয় এ উদযাপন অনুষ্ঠান। প‌রে সেতু উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

আনন্দমুখর এ অনুষ্ঠানে প্রবাসীদের স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
 
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। বাংলাদেশ সময় ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে বহুল আকাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। এটি বাংলাদেশের ইতিহাসের বিস্ময়। আমাদের জাতীয় জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত।

রাষ্ট্রদূত ফাতিমা বলেন, পদ্মাসেতু আমাদের অহংকার, গৌরব, ও সক্ষমতার প্রতীক; কারণ এটি নির্মিত হয়েছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। এটি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় এক অনন্য মাইলফলক। এ অর্জনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অগ্রযাত্রায় আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। আর এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলে।

এছাড়া পদ্মাসেতুকে ঘিরে গড়ে ওঠা বিনিয়োগ, শিল্পায়ন, দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সংযোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগসহ অর্থনৈতিক সম্ভাবনার নানা দিকও তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।

অনুষ্ঠানে পদ্মাসেতুর ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারিসহ প্রধানমন্ত্রীর পদ্মাসেতু উদ্বোধনের ভিডিও ক্লিপস প্রদর্শন করা হয়।