ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সব শহরে রেলক্রসিংয়ের সিগনাল এর জায়গায় ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে ব্রিফ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, সিলেট-সুনামগঞ্জের বন্যায় পানি সরানোর জন্য কেটে ফেলা সড়কে নতুন করে ব্রিজ কালভার্ট করে পানি প্রবাহ ঠিক রেখে প্রকল্প হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এই ১০টি প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৪১ কোটি টাকা।

প্রকল্পগুলো হলো- যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিলোমিটার রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ; চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা মহাসড়কের (জেড-৮৭০১) পিরোজপুর অংশের জরাজীর্ণ, অপ্রশস্ত বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতু ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণ; কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ (১.৬০ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ; জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ (প্রথম সংশোধিত); বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়) (তৃতীয় সংশোধিত); ঢাকা সেনানিবাসে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) এর ভৌত অবকাঠামো সুবিধা সম্প্রসারণ; কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন।