শোকাহত পরিবেশে ২৩ মরদেহ হস্তান্তর সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১২:০২ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার
কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ একে একে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাপ্টেন আবিদ সুলতানের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। মরদেহগুলো পরিবারের ব্যবস্থাপনায় দাফন করা হবে।
এর আগে নিহত বাংলাদেশিদের মরদেহের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আর্মি স্টেডিয়ামে আজ বিকাল ৫টা ২৫ মিনিটে তাদের জানাজা সম্পন্ন হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামরিক সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরো অনেকে।
এর আগে বিকেল ৫টার দিকে মরদেহগুলো লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। জানাজায় অংশগ্রহণ নিতে এবং মরদেহ গ্রহণের জন্য আগেই আমি স্টেডিয়ামে এসে জড়ো হন নিহত ২৩ জনের স্বজনেরা।
আজ সোমবার বিকাল ৪টায় বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান। বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টারমাকে বিমানটি অবতরণ করে।
নেপাল থেকে আসা মরদেহগুলো বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিমান পরিবহন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে যারা কাঠমান্ডুতে গিয়েছিলেন, তাদেরও ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বেলা সোয়া ২টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করে লাশবাহী বিমানটি। এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নেপালে বাংলাদেশ দূতাবাসে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
যে ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন, আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।
নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করার পর নেপাল কর্তৃপক্ষ কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। এখনো তিন জনের লাশ শনাক্ত হয়নি। এই তিনজনের পরিচয় জানতে ডিএনএ টেস্ট করতে হবে। এতে সময় লাগবো এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চারজন ক্রুসহ ২৬ জন বাংলাদেশি ছিলেন।
