গরুর দাম নিয়ে ক্রেতার মুখে হাসি নেই, বিক্রেতারাও হতাশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২২ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবারে চাঁদপুরের বিভিন্ন হাটে দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এরই মধ্যে হাটে অনেক ভালো গরু দেখা গেছে। তবে গত বছরের চেয়ে দাম বেশ চড়া হওয়ায় ব্যবসায়ীরা বলছেন, গো-খাদ্যের দাম বৃদ্ধি ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় দামও বেড়েছে।
জানা গেছে, চাঁদপুর জেলার ৮ উপজেলায় প্রায় দু’শতাধিক কোরবানির পশুর হাট বসেছে। এখন প্রতিটি হাটেই কোরবানির পশু বিক্রি হচ্ছে। হাটগুলোতে বড়-ছোট, মাঝারি প্রচুর গরু উঠলেও দাম বেশ চড়া। গরু কিনতে গিয়ে দরদাম নিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবার গরুর দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১৫ ভাগ। তবে দেশি গরু এবার বাজারে বেশি দেখা যাচ্ছে।
সাধারণ ক্রেতারা বলছেন, হাটে গরুর দাম বেশি হওয়ায় ঈদে কোরবানি নিয়ে সংশয়ে পড়েছেন তারা। তারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে, দাম আরও বৃদ্ধি পাচ্ছে। এতে গরু কেনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
চাঁদপুর সফরমালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আ. আজিজ খান দুদু বলেন, এবার ভারতীয় গরু নেই বললেই চলে। দেশি গরুতে বাজারগুলো ভরপুর। তবে ব্যাপারীরা এবার নিশ্চিন্তে গরু নিয়ে বাজারে আসছে। কোনো সমস্যা হচ্ছে না।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন বলেন, জেলায় মোট ২ হাজার ৬৩৪টি খামারে ৭০ হাজার গবাদিপশু, ছাগল ও ভেড়া রয়েছে। ঈদে কোনো ধরনের সংকট থাকবে না। চাঁদপুর জেলায় এবার দুই শতাধিক স্থানে গরুর হাট বসবে। কোরবানি ঈদকে ঘিরে চাঁদপুর জেলায় পর্যাপ্ত গবাদিপশু রয়েছে।
