সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা থাকবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০১:০৯ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মানস্বরূপ মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতী-নাতনীদের জন্য সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা অব্যাহত থাকবে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণে তিনি বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিয়েছি। কারণ তাদের ত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। এটি ভুলে যাওয়া উচিত হবে না।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতী-নাতনীদের জন্য কোটা ব্যবস্থা করেছে। যদি কোটা পূরণ না হয়, তাহলে এই ব্যবস্থা নমনীয় করে অন্যদের চাকরি দেয়া যেতে পারে। তবে যেই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ তৈরি হয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা শিথিল করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বিলোপ প্রসঙ্গে কতিপয় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন না হলে চাকরির সুযোগ সৃষ্টি হতো না। দেশের উন্নয়ন হতো না এবং কেউ উচ্চতর অবস্থানে যেতে পারতো না। আমাদের এ কথা ভুলে গেলে চলবে না।
চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পটিয়া সরকারি কলেজ ও আদর্শ স্কুল প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।
