ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৬:০০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাইলট আবিদের স্ত্রী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:২৭ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফসানা। হাসপাতালের যুগ্ম পরিচালক ও আফসানার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আফসানা।

মাথায় প্রচণ্ড যন্ত্রণাবোধ হলে ১৮ মার্চ তাকে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানানো হয়, তিনি ব্রেন স্ট্রোক করেছেন। সবশেষ ২০ মার্চ হাসপাতালের তরফ থেকে জানানো হয়, আফসানার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত রয়েছে। তার ব্রেইন কাজ করছে না। ন্যাচারাল ডেথ না হওয়া পর্যন্ত তাকে ডেথ ঘোষণা করা যাচ্ছে না।

নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার পর প্রথমে তাকে জানানো হয়েছিল আবিদ আহত অবস্থায় চিকিৎসাধীন। পরে তার মৃত্যুর সংবাদ আসে। গত রোববার সকাল থেকে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করলে তাকে উত্তরায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

মর্মান্তিক ওই প্লেন দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ মোট ৪৯ জনের প্রাণহানি হয়েছে। নিহত বাংলাদেশিদের সবার মরদেহ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে দেশে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। দু’জন সিঙ্গাপুরে এবং একজন ভারতে চিকিৎসাধীন।

আবিদ ও আফসানা দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। নাম তানজিদ সুলতান। বর্তমানে সে উত্তরায় নানার বাসায় রয়েছে।