অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৭ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে অপারেশন থিয়েটারে মুক্তা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে জেলা শহরের উপশম হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, রাত ৯টার দিকে মুক্তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মুক্তার অবস্থা আশঙ্কাজনক বলে অন্যত্র প্রেরণ করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। নিহত মুক্তা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রামের কৃষক মো. সোহেলের স্ত্রী।
রোগীর স্বজনেরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রসব ব্যথা উঠলে মুক্তাকে গাইনি চিকিৎসক শংকর কুমার বসাকের তত্ত্বাবধানে উপশম হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে তার সিজারিয়ান অপারেশন করার কথা ছিল। কিন্তু ওই সময়ে সিজার না করে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার অবস্থা আশঙ্কাজনক বলে অন্যত্র রেফার করেন চিকিৎসক।
নিহতের মা পারুল বেগম, বোন শান্তা বেগম ও স্বামী মো. সোহেল জানায়, মুক্তার অবস্থা অনেক ভালো ছিল। চিকিৎসক বলেছিল, তার সিজার করাতে হবে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে সিজারের জন্য ইঞ্জেকশন পুশ করলেই মুক্তা মারা যায়। কিন্তু চিকিৎসকসহ সংশ্লিষ্টরা তা গোপন করে মৃত অবস্থায় মুক্তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়।
স্থানীয়রা বলেন, হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসা দিয়ে রোগী মৃত্যুর অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও ভুল চিকিৎসার কারণে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। তবে সব ঘটনাই অর্থের বিনিময়ে ম্যানেজ করে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
