চট্টগ্রামে আরও ৫০ জনের দেহে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১০টি ল্যাবে ৩০০টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে বাঁশখালীর ১ জন, আনোয়ারায় ১ জন, পটিয়ায় ১ জন, ফটিকছড়িতে ২ জন ও হাটহাজারীতে ৪ জন রয়েছে।
শনিবার (১৬ জুলাই) চট্টগ্রামে ৪১ জনের করোনা শনাক্ত ও একজন মারা যাওয়ার কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
এর আগে শনিবার (১৬ জুলাই) সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৩০ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
