পদ্মাসেতু দেখতে মমতাকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোনো ছবি
সম্প্রতি উদ্বোধন হওয়া বহুল আলোচিত পদ্মা সেতু পরিদর্শনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চিঠিতে সেপ্টেম্বরে দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশের পাঠানো আমন্ত্রণপত্র মমতার কার্যালয় নবান্নে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আমন্ত্রণপত্রে ‘মমতাজী’ সম্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন,‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইলো। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উষ্ণতা রয়েছে পাঠানো পত্রে। বঙ্গবন্ধুকন্যা লিখেছেন,‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’
পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলেও পত্রে আশা প্রকাশ প্রধানমন্ত্রী।
আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারপ্রধান।
