ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শরীয়তপুরে পরিবার পরিকল্পনা মেলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১২:০৬ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এ স্লোগানে শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।


বুধবার সকালে শরীয়তপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান প্রমুখ। মেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন অংশ নেন।


মেলায় সরকারি বেসরকারি দপ্তরের ২৫টি স্টল বসেছে। দু’দিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২৯ মার্চ। কর্মসূচির মধ্যে রয়েছে- রচনা, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নব দম্পতিদের অংশগ্রহণে কুইচ প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।


সভাপতির বক্তব্যে মাজহারুল হক চৌধুরী বলেন, অপরিকল্পিত গর্ভ ধারণ রোধে পরিবার পরিকল্পনার উপযুক্ত পদ্ধতি গ্রহণ করতে হবে এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য তথ্য দিয়ে সচেতন করতে হবে। ছেলে ২১ এবং মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না করার পরামর্শ দেন। পরিকল্পিত পরিবার গড়তে সকল বিষয়ে সহযোগিতা পেতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সপ্তাহে ৭ দিন ও দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে সেবার জন্য।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, পরিকল্পিত পরিবার গড়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। আর পরিকল্পিত পরিবার গড়তে শুধুমাত্র পরিবার পরিকল্পনা বিভাগই নয় সমাজের সকল শ্রেণীর-পেশার মানুষকে সম্পৃক্ত করতে উপস্থিত সকলকে ভূমিকা রাখারও আহবান জানান।