ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৪২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মেডেল অব ডিসটিংকশন’ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৭ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১১:৪৪ এএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

দরিদ্র, অসহায়, বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মেডেল অব ডিসটিংকশনে’ ভূষিত করেছে লায়ন্স ক্লাব’স ইন্টারন্যাশনাল।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, আজ বুধবার সকালে সফররত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ড. নরেশ আগরওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মেডেলে ভূষিত করেন।


লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মানবিক গুণাবলী বিশেষ করে মিলিয়ন রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

তিনি শেখ হাসিনাকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় আপনার এই গুণের জন্য ইতোমধ্যে আপনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।’


এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিপন্ন মানবতার সেবা করা আমার দায়িত্ব।  আপনারা লায়ন্স সদস্যরা সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। একইভাবে আমরা রাজনীতিবিদরা তাদের খাদ্য, বস্ত্র ও আশ্রয়সহ মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছি।


লায়ন্স ক্লাব’স ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক শেখ কবির হোসেন, সাবেক আন্তর্জাতিক পরিচালক এবং ক্লাবের গুডউইল অ্যাম্বাসেডর মোসলেম আলী খান, ক্লাবের বর্তমান আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন লায়ন্স এম কে বাসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।