ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ফাতেমা আক্তার বৃষ্টি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিকালে উপজেলার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা গ্রামের খাইরুল ইসলাম বাবুর সঙ্গে গত দেড় বছর আগে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সোনাউল্লাহ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার বৃষ্টির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় বৃষ্টির শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকা ও ছোটখাটো বিষয় নিয়ে বৃষ্টির ওপর নির্যাতন করতো।

নিহতের বাবা ফরিদ মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রেখে তার শ্বশুরবাড়ির লোকজন অত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। বৃষ্টির শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করবে বলে বিশ্বাস হয় না।

তিনি আরও বলেন, আমার মেয়ে প্রায় সময়ই ফোনে জানাত শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালাচ্ছে। তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঙ্গরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।