কালবৈশাখীর ছোবলে ২ নারীসহ চারজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১১ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:২৪ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার কালবৈশাখী বয়ে গেছে। এতে দুইজন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। শিলার আঘাতে আহত হয়েছেন অনেক মানুষ।
শিলাবৃষ্টির কারণে শুক্রবার মাগুরা সদর ও মহম্মদপুর, দিনাজপুরের পার্বতীপুর, পাবনার ঈশ্বরদী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে মাগুরা সদরে, দিনাজপুরের পার্বতীপুরে এবং পাবনার ঈশ্বরদীতে একজন করে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া যশোরে অভয়নগর উপজেলায় ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে লাইজু খাতুন (১৯) নামের ওই কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লাইজু যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি প্রেমবাগ গ্রামের মোস্তাহার হোসেনের মেয়ে।
প্রেমবাগ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ শওকত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় ঝড় শুরু হয়। এ সময় প্রেমবাগ গ্রামের সৈয়দপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের পাশে ঝড়ে গাছের একটি ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়লে তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঝড় থেমে গেলে লাইজু ও তার বান্ধবী ঐশী এবং লাইজুদের বাড়িতে বেড়াতে আসা ফাতেমা বেগম পাশের দোকানে মুড়ি-চানাচুর কিনতে যাচ্ছিলেন। অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে লাইজু ঘটনাস্থলেই মারা যান। আহত হন ঐশী খাতুন ও ফাতেমা বেগম।
এদিকে ঈশ্বরদীতে সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাবনার শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এক গৃহবধূ জামিলা বেগম (৫০) বাড়ির পাশের লিচুবাগানে ডালপালা কুড়াতে গিয়ে শিলার আঘাতে মারা যান। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসরাইল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা জেলায় সন্ধ্যায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় শিলার আঘাতে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের বদন মোল্লার ছেলে আকরাম হোসেন (৪৫) নিহত হন।
এছাড়া দিনাজপুর জেলার পার্বতীপুরে দুপুরে শিলাবৃষ্টি শুরু হলে সৈয়দ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। শিলার আঘাতে আহত হয়েছেন শতাধিক নারী-পুরুষ।
