ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৩:৩৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাবিদ দ্বিতীয় বর্ষের নাম নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৩১ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৪১ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

শুদ্ধ উচ্চারণ, বানান ও ব্যবহার বাড়াতে ইস্পাহানি মির্জাপুরের আয়োজনে ২০১৭ সাল থেকে শুরু হয় বাংলা ভাষা বিয়ষ প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। তারই ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠা এই প্রতিযোগিতা।

 

এ বছরও শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি ও অন্যান্য উপহার সামগ্রী। এবারও প্রতিযোগিতার স্লোগান থাকছে ‘বাংলায় জাগো ভরপুর’। ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতা ও চ্যানেল আইয়ের সহযোগিতায় বাংলাভাষা নিয়ে মেধাভিত্তিক এই টিভি রিয়েলিটি শো এর দ্বিতীয় বর্ষের জন্য প্রাথমিক নাম নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। চলবে আগামী ১৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত।

 


এ উপলক্ষে শনিবার রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরা হয়। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় আয়োজক প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা শান্তনু বিশ্বাস, ইস্পাহানি গ্র“পের প্রধান পরিচালন কর্মকর্তা সাইদ হাসান, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সংবাদ সম্মেলনে বলা হয়, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সারা দেশে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধা ও মননের মিশেলে বাংলাবিদ খুঁজে বের করা। যারা বাংলা ভাষা, বানান এবং বাংলা শব্দের ব্যবহারে দক্ষতা দেখাতে পারবে তাদের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রথম বর্ষের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুসরাত সায়েম। প্রথম রানার আপ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল আরিফিন এবং দ্বিতীয় রানার আপ যুগ্মভাবে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সোয়েব সানিয়াদ খান তূর্য ও সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইসা সালসাবিল।

 


মেধা ও মননভিত্তিক ভিন্ন ভিন্ন বাছাই প্রক্রিয়া পার হয়ে যারা সত্যিকার ভাষা-লড়াকু হতে চায় তাদের নিবন্ধন করার জন্য আহ্বান করা হচ্ছে। চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। প্রথম ১০ জন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় মেধাবৃত্তি অর্জনকারীদের বৃত্তি ব্যাংক-এ স্থায়ী আমানত হিসেবে প্রদান করা হবে। যা বিজয়ীরা ১৮ বছর বয়স হলে, আবেদন করে পুরস্কারের অর্থ তুলে নিতে পারবে। ১৮ বছর বয়স হবার আগে এই বৃত্তি ‘আসল’ তুলে নেওয়া যাবে না।

 

দেশের সাতটি বিভাগীয় শহরে (ঢাকা ও ময়মনসিংহের বাছাই একসাথে) ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সাতটি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই পর্বে ৭০ জন ছাত্রছাত্রীদের মূল পর্বে নিয়ে আসা হবে। পরে ১৬টি স্টুডিও রাউন্ড পর্বে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষাবিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। প্রতিযোগিতার প্রধান বিচার কার্য পরিচালনা করবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার।

 


প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মাবলীÑইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এ নিবন্ধন করা যাচ্ছে মোবাইলফোনের মাধ্যমে। এ জন্য মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে BANGLABID NAME AGE CLASS ZONE [DHK. RAJ, RNG, BAR, SYL, CTG, KHL]  এরপর ম্যাসেজটি পাঠিয়ে দিতে হবে ৬৯৬৯ নম্বরে। বিস্তারিত জানা যাবে www.banglabid.com ওয়েবসাইটে।