ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৩:৩৭:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরেই নির্বাচন হবে। নৌকা জনগণের প্রতীক। আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।


আজ রোববার বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণদানকালে এ কথা বলেন।


তিনি বলেন, নৌকা আপনাদের মার্কা, এই নৌকা মার্কা সবসময় মানুষকে উদ্ধার করে। নূহ নবীর নৌকা মানবজাতি এবং পশুপাখিসহ সবকিছু রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন, হত্যাকান্ড, খুন-খারাবি নয়, দেশের মানুষ যাতে শান্তি পায় সেই ব্যবস্থা আমরা করতে চাই। আর ২০১৪ সালের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম বলেই আজকে সে উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন।


তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রেখেই ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করতে চাই। আর ২০২১ সালে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ। এ জন্য সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।


চাঁদপুরবাসীর উন্নয়নে তাদের কোন কিছু দাবি করা লাগবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা এখানে আড়াইশ’ বেডের একটি হাসপাতাল করে দিয়েছি। একটি মেডিকেল কলেজও করে দেব। আর চাঁদপুরের হাইমচরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেব। এখানে পর্যটনের কেন্দ্র গড়ে তোলা হবে। সব রকম নৌ ভ্রমণের বন্দোবস্ত সেখানে থাকবে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম জনসভায় বক্তব্য করেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।