শাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
ফাইল ছবি।
মেহেরপুর জেলার গাংনীতে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাই বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পলাতক জামাইকে নিজ গ্রাম করমদী শাহাবুর পাড়া থেকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে জামাই বাদশা মিয়া শাশুড়িকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত রঙ্গিলা (৪২) করমদি মাঠপাড়া গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। জামাই বাদশা মিয়া একই গ্রামের শাহাপুর পাড়ার রবিউল ইসলামের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘বাদশা মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।’
