মায়ের মৃত্যু হলেও বেঁচে যায় কোলের শিশু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
ফাইল ছবি।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে তার কোলে থাকা এক বছর বয়সী শিশুকন্যা।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) সকালে এলাকার পলাশপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির রওশন আলীর মেয়ে।
স্বজনরা জানান, কয়েকদিন আগে দাদির মৃত্যুর খবর পেয়ে নোয়াখালীর শ্বশুরবাড়ি থেকে খাগড়াছড়ির বাবার বাড়িতে এসেছিলেন রুমা। শুক্রবার নোয়াখালী ফিরে যেতে মাটিরাঙ্গা বাজারে যাওয়ার পথে আমবাগান এলাকায় মাহেন্দ্র থেকে পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার কোলে থাকা এক বছর বয়সী কন্যা সন্তান থাকলেও অলৌকিকভাবে সে অক্ষত ছিল।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের বাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে।
