ট্রাকচাপায় নারীসহ ৪ অটোরিকশা যাত্রীর প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০২ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার বাসিন্দা মৃত জয়নালের স্ত্রী ছলেমা খাতুন (৪৫), একই ইউনিয়নের পাগলিরবিল এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৫) ও রামু উপজেলার মেরংলোয়া এলাকার বাসিন্দা মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৫২)। তাৎক্ষণিক নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় রামু গর্জনীয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সকালে হিজলিয়ায় কক্সবাজারমুখী ট্রাক ও অটোরিকাশা সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
