ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৩:৩৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রথীশ চন্দ্রের মৃতদেহ উদ্ধার, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৩২ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৮:২৮ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

পাঁচদিন ধরে নিখোঁজ রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে মঙ্গলবার মধ্যরাতে। স্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী রংপুরের নির্মাণাধীন একটি বাড়িতে বালু চাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাব।  

 


র‍্যাব ১৩-এর কর্মকর্তা মেজর আরমিন রাব্বী জানান, রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি মৃতদেহের বিষয়ে তথ্য দেন। তিনি জানান, রংপুর শহরে তাজহাট মোল্লা পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

এরপর তার স্ত্রী এবং ছোট ভাই মৃতদেহ শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে র‌্যাবের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী জড়িত থাকতে পারে।



পুলিশ জানিয়েছে, রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী দীপা ভৌমিক এবং তার একজন সহকর্মীকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী, তাদের বাড়ির কাছেই তাজহাট মোল্লা পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির টয়লেটের স্লাবের পেছনে খোঁড়া গর্তের ভেতর থেকে রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

 


এই বাড়িটি ওই সহকর্মীর একজন আত্মীয়ের বাড়ি বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে পুলিশের সন্দেহ, অ্যাডভোকেট  ভৌমিককে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।অ্যাডভোকেট ভৌমিকের স্ত্রী এবং তার সহকর্মীর মধ্যে থাকা সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।



রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হবার পর থেকে এ পর্যন্ত মোট নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সোমবার দীপা ভৌমিকের একজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার র‍্যাব গ্রেপ্তার করে দীপা ভৌমিককে। এরপর তার দেয়া তথ্যেই মিলেছে রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহের সন্ধান।

 


রংপুরের জাপানি নাগরিক হোশি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি কৌঁসুলি রথীশ চন্দ্র ভৌমিককে শুক্রবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার পুলিশের কাছে অভিযোগ করে।

 


সে সময় তার স্ত্রী দীপা ভৌমিক জানিয়েছিলেন, শুক্রবার ভোর ৬টার দিকে রথীশ চন্দ্র বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন জানালেও পরে তার কোন খোঁজ মেলেনি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

 


রথীশ চন্দ্র ছিলেন রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনেরও প্রথম সারির নেতা।