মারা গেছেন সোনিয়া গান্ধীর মা, মোদীর শোক প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলো মাইনো। ফাইল ছবি।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলো মাইনো মারা গেছেন। শনিবার ইতালিতে নিজের বাসভবনে মারা যান তিনি। মাইনোর মৃত্যুর খবর গান্ধী পরিবারের কারও তরফ থেকে জানানো হয়নি। তবে আজ বুধবার (৩১ আগস্ট) দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে এই খবরটি জানান। খবর আনন্দবাজার পত্রিকার।
জয়রামের টুইটে জানানো হয়, শনিবার মাইনো মারা যান। রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গত, অসুস্থ মায়ের পাশে থাকার জন্য গত ২৩ আগস্ট থেকেই ইতালিতে রয়েছেন সোনিয়া গান্ধী। দিদিমার সঙ্গে দেখা করতে সেখানে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কাও।
দলের সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের জন্য এআইসিসির বৈঠকে ইতালি থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা।
এদিকে পাওলো মাইনোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, মা পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধী জির প্রতি সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক। এই শোকের মুহুর্তে আমি তাদের পরিবারের পাশে রয়েছি।
