আমার দায়িত্ব দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: প্রধানমন্ত্রী
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
আপনারা ভোট দিয়েছেন, আমার দায়িত্ব দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দেশকে এগিয়ে নেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা ১১ টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়ায় কঁচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বে যুদ্ধ বাধুক আর নাই বাধুক, আমরা নিজেদের দেশে নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করব। কারও কাছে হাত পেতে চলব না।
এ সময় দক্ষিণাঞ্চালের অর্থনৈতিক শক্তি মোংলা ও পায়রা বন্দরের সক্ষমতার কথাও জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হবে। এগুলো দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
এই সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের আরও একটি স্বপ্নপূরণ হলো বলেও জানান প্রধানমন্ত্রী।
এদিকে এ সেতু উদ্বোধন উপলক্ষে নদীর পশ্চিম এবং পূর্বপাড়ে দুটি সমাবেশের আয়োজন করা হয়েছে। পশ্চিমপাড়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও পূর্বপাড়ে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরের এক জনসভায় কঁচা নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৮ সালের ১ নভেম্বর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৯৪ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্যের এবং ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ সমাপ্ত করেছে। চীন সরকার এ সেতুটি নির্মাণে ৬৫৪ দশমিক ৮০ কোটি টাকা প্রকল্প সাহায্য দিয়েছে এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে ২৩৯ দশমিক ৮০ কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরে এটি শেষ হওয়ার কথা থাকলেও ৫ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করে সেতু বিভাগের কাছে ৭ আগস্ট হস্তান্তর করে। সেতুর পূর্ব প্রান্তে নদীর তীরে ২২০ মিটার দীর্ঘ এবং ৫৫ মিটার চওড়া একটি বিনোদন এলাকা গড়ে তোলা হয়েছে।
