ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:১৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিখোঁজ স্বামীর সন্ধানে স্ত্রীর পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০০ এএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫০ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

নিখোঁজ স্বামীর সন্ধান পেতে একশ কিলোমিটার পথ হাঁটবেন এক চীনা নারী। রাজধানী বেইজিং থেকে পায়ে হেঁটে তিনি তিয়ানজিন শহরে যাবেন। এরই মধ্যে তিনি বার দিনের পথ হেঁটে ফেলেছেন।

 

লি ওয়েনজু নামে এই নারীর স্বামী ওয়াং কুয়ানঝ্যাং একজন আইনজীবী। পুলিশী নির্যাতনের বেশ কিছু মামলা তিনি দেখছিলেন।


বিবিসি বলছে, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় তিন বছরের বেশি সময় আগে। এরপর থেকে লি আর তার স্বামীর কোনো খোঁজই পাচ্ছেননা। এমনকি তার স্বামী জীবিত আছেন কি-না তাও নিশ্চিত নন তিনি।


এখন লি ওয়েনজু জানতে চান, আসলে তার স্বামীর ভাগ্যে কি ঘটেছে। আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিলো সেই তিয়ানজিন শহর অভিমুখে রাজধানী বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি।


স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ কিলোমিটার বা ৬২ মাইল। ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত দুশো অধিকার কর্মীর সাথে আটক হন।


কারণ জুলাইয়ের নয় তারিখে শুরু হওয়ায় ওই অভিযানটি পরিচিত হয়ে উঠেছিলো `৭০৯` অভিযান হিসেবে। অভিযানে যারা আটক হয়েছিলো তাদের অনেককেই বড় অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিলো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।


কর্তৃপক্ষের ওপর চাপ তৈরির জন্য লি এখন তার বারো দিনের পদযাত্রা করছেন। যাতে তিনি জানতে পারেন, তার স্বামীর ক্ষেত্রে আসলে কি হয়েছে। তার সন্দেহ, তার স্বামীকে নির্যাতনের শিকার হতে হয়েছে।

 

রয়টার্সকে লি বলেছেন, "তারা (কর্তৃপক্ষ) আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। একজন নির্দোষ মানুষকে এভাবে আটক করা এবং এক হাজার দিন ধরে বন্দী রাখা-আমি মনে করি এটি একটি নিষ্ঠুরতা। এটা নির্দয় ঘটনা"।


লি এ পদযাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন আরও একজন নারীকে। এই নারীর স্বামীও একজন অধিকার কর্মী এবং তাকেও কারাদণ্ড দিয়েছিলো কর্তৃপক্ষ।