নাটোরে বাল্যবিয়ে বিরোধী শপথ ৮০০ শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
নাটোরে ‘বাল্যবিয়েকে না বলছি ও বলবো’-বলে এক সমাবেশে শপথ নিয়েছে ৮০০ শিক্ষার্থী। বাল্যবিয়ে প্রতিরোধে আজ বুধবার শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্যবিয়ে শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র । বাল্যবিয়ে না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।
সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৮০০ শিক্ষার্থী বাল্য বিয়ে বিরোধী শপথ গ্রহণ করে এবং বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করে।
