দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
৪ দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজস্থানে খাজা গরিবে নেওয়াজের দরগা শরিফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে সফর শেষ করেন বাংলাদেশ সরকার প্রধান।
বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট বিকেল সাড়ে ৫টায় (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রধানমন্ত্রী নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান। সেখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংর্বধনা দেয়া হয়। দিল্লিতের নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে তার ভারত সফরের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।
সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর মৌর্য্য হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্যুইটের সম্মেলন কক্ষে তার সঙ্গে দেখা করেন।
৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের সফরে শেখ হাসিনা হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয়া হয়।
দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দুই প্রধানমন্ত্রী দু’দেশের যৌথ উদ্যোগের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে খুলনার রামপালে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
তিনি ওইদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জাগদীপ ধনখড়ের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান।
৭ সেপ্টেম্বর ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নমন্ত্রী জি কিষান রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে ভাষণ দেন।
