ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৯:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বকশীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৫ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্ষিত ওই শিশুর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।উপজেলার উত্তর নিলক্ষিয়া গ্রামে বুধবার এই ঘটনা ঘটে।


গ্রাম পুলিশের সদস্য সবুর আলী ঘটনার বিষয়ে জানান, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ইছিলি মিয়ার ছেলে বাবু মিয়া (১৮) চকলেট দেওয়ার কথা বলে বাড়ির পাশে মেশিন ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে বাড়ির লোকজন সেখানে ছুটে গেলে বাবু পালিয়ে যায়।


এদিকে ওই শিশুর মা জানান, ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী একটি মহল তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই ঘটনা জানিয়ে থানায় মামলা করতে গেলে তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। পরে গ্রাম পুলিশের সহায়তায় তিনি নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারকে বিষয়টি জানিয়েছেন।


শিশুটির মা আরও বলেন, ঘটনাটি থানায় জানানোর পর তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি পুলিশকে না জানিয়ে টাকা দিয়েও বিষয়টি মীমাংসা করতে চেয়েছে বাবুর পরিবার।


এ ব্যাপারে নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। ধর্ষিতা শিশুর পরিবার আমার কাছে এসেছিল, আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।