খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫২ পিএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩৮ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
চিকিৎসার জন্য বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে কালো একটি গাড়িতে করে আজ শনিবার হাসপাতালে নেয়া হয়েছে। বেলা সাড়ে ১১টায় তাকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হয়।
জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিছু বিষয়ের পরীক্ষা জরুরী বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিকেল বোর্ড সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বিএসএমএমইউ’তে নেয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতাল সূত্র বলছে, যে কক্ষে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তা প্রস্তুত করা হয়েছে। এ সময় কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে অবস্থান করবেন তিনি।
খালেদা জিয়া কারাগার থেকে হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছানোর পর কিছুটা হেঁটে গিয়ে লিফটে ওপরে ওঠেন। এ সময় তার পরনে ছিল বেগুনি রঙের ছোট ছোট প্রিন্টের অফহোয়াইট শাড়ি। তার চোখে ছিলো তার সানগ্লাস। তার চারপাশে ছিলো পুলিশ, চিকিৎসক, নার্স এবং কারারক্ষী।
খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া উপলক্ষে ওই সব সড়কে যান চলাচল সীমিত করা হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে।
