রাস্তায় ফেলে বৃদ্ধা শাশুড়িকে পেটালেন পুত্রবধূ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধা শাশুড়িকে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ওই ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আটককৃত ব্যক্তির নাম রত্না বেগম। নির্যাতনের শিকার বৃদ্ধা আয়েশা বেগম (৬০) ওই গ্রামের মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি রাস্তায় মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন আরেক নারী। এ সময় বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চিৎকার করলেও বেশির মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন। তবে অভিযুক্ত নারী কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে মাথায় মারতে থাকেন। এ সময় একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করে। তবে অভিযুক্ত নারী ক্ষিপ্ত হয়ে আবারও বৃদ্ধার ওপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন।
বালাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য হায়দার আলী জানান, ভুক্তভোগী আয়েশা বেগম স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। আর ছেলে আশরাফুল ইসলাম (৩০) তার স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকেন। আশরাফুল কয়েক দিন আগে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে গত বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর চান রত্না। এ সময় অভিযুক্ত রত্না তার শাশুড়িকে বকাবকি করার এক পর্যায়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। পরে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় মাটিতে ফেলে বেধড়ক মারধর করে রত্না। এ সময় কেউ একজন ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দিলে ভাইরাল হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৯টার দিকে বৃদ্ধা থানায় অভিযোগ দিয়েছেন। পরে একই দিন রাতে অভিযুক্ত রত্না বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
