খালেদার এক্স-রে রিপোর্ট কারা অধিদপ্তরে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩০ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়েছেন।
রোববার (০৮ এপ্রিল) বিএসএমএমইউ হাসপাতালে এ প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল হারুন বলেন, দুপুরে ১টা ৫ মিনিটে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ থেকে সিলগালা করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট কারা অধিদফতরে পাঠানো হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিপোর্টে কী ছিলো তা অধিদফতর থেকে তা জানানো হবে। আমরা সেখানেই পাঠিয়ে দিয়েছি।
এর আগে শনিবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরানো কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। সেখানে তার হাড়ের কয়েক ধরনের এক্স-রে শেষে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে জরিমানাও করা হয়। এরপর থেকেই কারান্তরীণ রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
