ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৪৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরিয়ায় কেমিক্যাল অ্যাটাক : নারী-শিশুসহ মৃত অন্তত ৭০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:৪৩ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার

ভয়ঙ্কর রাসায়নিক হামলায় সিরিয়ায় নারী-শিশুসহ অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ার দৌমায় ওই হামলা চালানো হয়েছে। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এই হামলায় রাশিয়ার হাত রয়েছে বলে মনে করছে আমেরিকা।

 

রাসায়নিক হামলা হয়েছে বলে কোনও নিশ্চিত খবর না পাওয়া গেলেও উদ্ধারকারী দলগুলি যেসব ছবি ও তথ্য প্রকাশ করেছে, তা থেকে রাসায়নিক হামলা বলেই অনুমান করা হচ্ছে।

 

স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোয়াইট হেলমেট’ বলছে, সরকারি বাহিনীর এই হামলায় ৭০ জন নিহত হয়েছে। এর সংখ্যা বাড়তে পারে। হোয়াইট হেলমেটস প্রথমে ৭০ জন নিহত হওয়ার বিষয়টি ট্যুইট করে জানায়। পরে আবার সংখ্যা বাড়িয়ে ১৫০ জন নিহত হয়েছে বলে জানায়।



সিরিয়ার সংবাদমাধ্যমে এই ধরনের হামলার কথা অস্বীকার করা হয়েছে। তারা মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগও এনেছে। রাসায়নিক হামলার অভিযোগের পর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাসায়নিক হামলার ঘটনা যদি প্রমাণিত হয়, তবে এর জন্য রাশিয়াই দায়ী থাকবে বলে আমেরিকার অভিযোগ।

 

গত ফেব্রুয়ারিতে হামলা চালিয়ে পূর্ব গৌতার প্রায় পুরোটাই দখল করে নেয় সিরিয়ার সরকারি বাহিনী। শুধু বাদ ছিল দৌমা। গত শুক্রবার এই অঞ্চলে বিমান হামলা চালানো হয়।

 

এদিকে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দৌমায় হামলায় ১১ জন নিহত হয়েছে। সেখানে সাধারণ অস্ত্রই ব্যবহার হয়। ধোঁয়ায় অনেকে মারা যায়। এর ফলে ৭০ জনের মতো মানুষ শ্বাসকষ্টে ভুগছে।

 

চিকিৎসা-ত্রাণ বিতরণকারী সংগঠন সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি (এসএএমএস) বলছে, দৌমার হাসপাতালে ক্লোরিন বোমা ফেলা হয়েছে। এতে সেখানে ছ’জন নিহত হয়েছে। এসএএমএসের ভাইস প্রেসিডেন্ট রয়টার্সকে বলেছেন, রাসায়নিক হামলায় ৩৫ জন নিহত হয়েছে।