বাড়ি ফিরলেন অ্যানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৪০ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:২৪ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
নেপালে বিমান দুর্ঘটনায় আহত আলিমুন নাহার অ্যানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ছেড়েছেন। দুর্ঘটনায় তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতালের ছাত্রপত্র নিয়ে স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে যান অ্যানি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন জানান, বিমান দুর্ঘটনায় অ্যানি তার শিশুসন্তান ও স্বামী হারানোর পর থেকে তার কিছু মানসিক সমস্যা দেখা দেয়। তবে তিনি এখন ভালো আছেন। গতকাল সোমবার রাতে মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তাকে দেখে গেছেন। এরপর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অ্যানিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি জানান, তবে এক মাস পরে অ্যানিকে চিকিৎসার ফলোআপের জন্য আবার ঢামেকে আসতে হবে বলে জানান।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যানি বলেন, ‘ভালো আছি।’
এর আগে গত ১৯ মার্চ ওই দুর্ঘটনায় নিহত অ্যানির স্বামী ফারুক হোসেন প্রিয়ক ও একমাত্র সন্তান তামারা প্রিয়ন্ময়ীর মরদেহ শেষবারের মতো দেখতে স্বজনরা অ্যানিকে ঢামেক থেকে গাজীপুরের শ্রীপুরে নিজেদের বাড়িতে নিয়ে যান। মরদেহ দাফনের পর আবার তাকে ঢামেকে রাখা হয়।
