ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৫:১১:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘ট্রফি ভাঙা’ ইউএনওকে ঢাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ট্রফি ভাঙা কাণ্ডে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাকে পদায়ন করতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত কর্মকর্তাকে পদায়নকৃত অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ১৯৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো। তবে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হলেও কখন তাকে ঢাকায় যোগদান করতে হবে, তা বলা হয়নি।

আলীকদমের ইউএনও মেহরুবা ইসলামকে গত শুক্রবার উপজেলার চৈক্ষ্যং উচ্চবিদ্যালয় মাঠে আবাসিক যুব স্বাধীন সমাজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি করা হয়েছিল। সেখানে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি বিতরণ না করে ভেঙে ফেলেন। ট্রফি ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সমালোচনার মুখে পড়েন।

আলীকদমের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম তাকে অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ করেন। গতকালও তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে জেলা শহরে মানববন্ধন করা হয়।