লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত রূপা হক
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত রূপা হক। পুরনো ছবি।
বৃটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় লেবার পার্টির সংসদীয় দল থেকে বহিস্কার করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হককে।
সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল লেবার পার্টি। এ খবর দিয়েছে ইভেনিং স্টান্ডার্ড।
সোমবার ওই অনুষ্ঠানের প্রশ্ন-উত্তর পর্বে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে উদ্দেশ্য করে রূপা হক বলেন, তিনি লোক দেখানো কৃষ্ণাঙ্গ। অথচ তিনি অন্যদের মতই ব্যয়বহুল স্কুলে পড়েছেন, ইটনে পড়াশুনা করেছেন। বরাবর তিনি দেশের সেরা স্কুলগুলোতে ছিলেন। আপনি যদি বিবিসির টুডে প্রোগ্রামে তার কথা শোনেন, আপনি বুঝতেই পারবেন না যে তিনি কৃষ্ণাঙ্গ। রূপা হকের এমন মন্তব্যের পরই তাকে বহিস্কার করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ার জেইক ব্যারি লেবার এমপি রূপার ওই মন্তব্যকে ‘বর্ণবাদী ও জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার ওই মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন।
এ মাসের শুরুতেই বৃটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কোয়াসি কোয়ার্টেং। তিনি পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করলেও তার পূর্বপুরুষের বসবাস ছিল আফ্রিকার দেশ ঘানায়।
অন্য দিকে ইলিংয়েতে জন্ম নেওয়া রূপা হকের বাবা-মা বৃটেন গিয়েছিলেন বাংলাদেশের পাবনা থেকে। তিনি একাধারে লেখক, মিউজিক ডিজে, কলামিস্ট হিসাবে পরিচিত। রূপা হক কেমব্রিজে পড়েছেন রাজনীতি, সামাজিক বিজ্ঞান ও আইন। আর কিংস্টন ইউনিভার্সিটিতে এতোদিন পড়িয়েছেন সমাজ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, গণমাধ্যম ও সংস্কৃতি অধ্যয়নের মতো বিষয়।
