কোটা ব্যবস্থা বাদ : সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১২:১৭ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে যখন এত কিছু, তখন কোনো কোটাই থাকবে না। কোটা যদি কম বেশি থেকে যায় তাহলে সংস্কারের প্রশ্ন উঠবে। এ সরকার থেকে পরবর্রর্তী সরকার, এভাবে চলতে থাকবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোন কোঠারই দরকার নেই। কোটা ব্যবস্থা বাদ, এটাই আমার পরিষ্কার কথা।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে আন্দোলন করছে। তাদের কষ্ট হচ্ছে, পড়াশোনার অসুবিধা হচ্ছে। তাদের ভালোর জন্যই সবকিছু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, অর্জিত শিক্ষা ব্যবহার হচ্ছে গুজব ছড়ানোর কাজে। সেদিন এক ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানো হলো, তখন ছাত্রীরাও হলের গেট ভেঙে বেরিয়ে আসে। সেদিন কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব কে নিতো?
তিনি বলেন, সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। ছবি দেখে মনে হয়েছে ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর আক্রমণ হয়েছে। আমরা আন্দোলন-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি, এতোদূর এনেছি। কিন্তু কখনো ভিসির বাড়িতে হামলা হতে পারে কেউ চিন্তাও করতে পারে না।
শেখ হাসিনা বলেন, ভিসির বাড়ির সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ভিসির ওপর আঘাত করতে চেয়েছে। একতলা-দোতলা সব তছনছ করে দিয়েছে। ক্যামেরা সরিয়ে নিয়ে গেছে। কতো পরিকল্পিত। এই হামলার নিন্দা জানাই, যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে বিশ্বাস করি না।
প্রধানমন্ত্রী জানান, ভিসির বাসভবনে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচার হবে, গোয়েন্দারা কাজ করছে।
গত ক’দিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
