ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ০:০২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হচ্ছে আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি পালন করবে। একই সঙ্গে শিশু অধিকার সপ্তাহ শুরু হবে আজ থেকে। 

সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দিবসটি উপলক্ষে আলাদা আলাদা বানী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শিশু অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা ও তা বাস্তবায়নে দেশের জনগণের মধ্যে প্রতিশ্রুতি ও প্রত্যয় সৃষ্টি করাই শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্বসম্মতিতে গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বাংলাদেশসহ  নানা দেশে শিশু দিবস পালন করা হচ্ছে। দেশের মোট জনসংখ্যার বিরাট অংশ শিশু। এই শিশুদের জীবন সুন্দরভাবে গড়ে তোলা প্রতিটি নাগরিকের কর্তব্য। শিশুরা যাতে ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে পারে সেজন্য তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা খুব জরুরি। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতি বছর বাংলাদেশে দিবসটি পালন করা হয়। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে শিশুদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়। 

এবছর দিবসটি যখন পালন করা হচ্ছে ঠিক সে মুহূর্তে দেশের মোট শিশুর সিংহভাগ তাদের অধিকার থেকে বঞ্চিত। বর্তমান সময় পর্যন্ত দেশে ৫ থেকে ১৭ বছরের শিশুর সংখ্যা ৪ কোটি ২৪ লাখ। এর মধ্যে ৩ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার শিশু স্কুলে যায়। আর ৫৪ লাখ ৯০ হাজার শিশু স্কুলে যায় না। এদের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা ৩১ লাখ ৮০ হাজার। শহুরে শিশু শ্রমিকের সংখ্যা ৭ লাখ এবং গ্রামীণ শিশু শ্রমিকের সংখ্যা ২৪ লাখ ৭০ হাজার। এদের মধ্যে আবার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত আছে ১২ লাখ ৭০ হাজার শিশু। এসব শিশুর জীবনের কোনো নিরাপত্তা নেই। মৃত্যু ঝুঁকি নিয়ে তারা কাজ করছে ট্যানারি, ব্যাটারি কারখানা, ফ্যাক্টরি ও বিভিন্ন ওয়ার্কশপে। এসব শিশুর সুন্দর জীবন গড়ার লক্ষ্য নিয়ে সারা দেশে পালন করা হয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। 

দিবসের কর্মসূচিঃ বাংলাদেশ শিশু একাডেমি, ইউনিসেফ, দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আরো আছে শিশুদের উন্নয়ন, বাল্য বিয়ে প্রতিরোধ, সুরক্ষা ও অধিকার বিষয়ে ক্যাম্পেইন, বিতর্ক প্রতিযোগিতা। আলোচনা এবং মতবিনিময় সভায় শিশুসংগঠক, শিশু বিশেষজ্ঞ, শিশু সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এসকল অনুষ্ঠান সরাসরি ও ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।