ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১২:৪৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি তাদের নাম ঘোষণা করে।

পদার্থের এই তিন নোবেলবিজয়ী হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।

নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন এ তিন বিজ্ঞানী। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথি উপস্থিত ছিলেন না।

এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

এর আগে, সোমবার বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কার মৌসুমের সূচনা হয়েছে। আগামীকাল বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী শুক্রবার (৭ অক্টোবর)। আর ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা।