সন্তানকে পুড়িয়ে মারলেন মা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৩০ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠেছে শেফালি নামের এক নারীর বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার উচিতপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের বড় ছেলে। সে বাড়ৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অভিযুক্ত শেফালি বেগমকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ। শেফালি প্রাথমিকভাবে হত্যার উদ্দেশ্যে সন্তানদের শরীরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন।
আড়াইহাজারের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, প্রায় ১১ বছর আগে বাড়ৈপাড়ার বিললালের ছেলে প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে কেরানগিঞ্জের সুন্দর আলী মেয়ে শেফালির বিয়ে হয়। পরে তাদের দুই ছেলের জন্ম হয়। আনোয়ার বিদেশে থাকার সময় পার্শ্ববতী মোমেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শেফালি। এ কারণে আনোয়ার তিন মাস আগে শেফালির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু শেফালি বিষয়টি না মেনে শ্বশুর বাড়িতেই অবস্থান করছিলেন।
স্বামীর প্রতি প্রতিশোধ নিতে শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুই ছেলেকে কাঁথায় জড়িয়ে আগুন ধরিয়ে দেন তিনি। এতে হৃদয়ের পুরো শরীর দগ্ধ হয়ে ঘটনাস্থলিই মারা যায় সে। আরেক সন্তান অগ্নিদগ্ধ শিহাবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
পরে মা শেফালিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। শেফালির প্রেমিক মোমেনকে খুঁজছে পুলিশ।
