আসিফার জন্য বিচার দাবী বলিউড তারকাদের
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১২:১২ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের আসিফা নামে ৮ বছর বয়সী কন্যা শিশুকে গণধর্ষণ ও হত্যার ন্যায় বিচারের দাবীতে বলিউডের অভিনয় শিল্পীরা একাট্টা হয়েছেন। মধ্য জানুয়ারির ঐ ঘটনায় দায়ের করা মামলায় এক সরকারি কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছে ভারতের আদালত।
এতদিন তা গোপন থাকলেও অভিযোগপত্র জনসম্মুখে আনার পর সোচ্চার হয়ে উঠে বলিউডসহ সারা ভারত। ৮ বছরের ছোট্ট আসিফা কাঠুয়া অঞ্চলের যাযাবর মুসলিম বাকারওয়াল গোষ্ঠীর মেয়ে।
আদালতের দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে আসিফা নামের ওই শিশুকে অপহরণের নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে তাকে হত্যা করা হয়।
এ নির্মম ঘটনার সঠিক ও ন্যায় বিচারের দাবী তুলেছেন বলিউডের তারকারা। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার টুইটার একাউন্টে আসিফার ছবি পোষ্ট করে সঙ্গে হ্যাসট্যাগ আসিফা বলে প্রতিবাদ জানিয়েছেন।
সোনম কাপুর সোশ্যাল মিডিয়ায় আসিফার হত্যার ঘটনায় জড়িত হিন্দু এবং তাদের বাচানোর চেষ্টা করে চলা হিন্দুদের কড়া বার্তা দিয়েছেন। এই মিথ্যা দেশপ্রেম ও জালিয়াত হিন্দুদের জন্য তার লজ্জা হচ্ছে বলেও মন্তব্য করেছেন সোনম।
অভিনেত্রী স্বরা ভাস্করও লিখেন একটা কথা। ৮ বছরের শিশুকে অপহরণ করে মন্দিরে গণধর্ষণ করে খুন করা হল। কারণ, সে সেই মুসলিম পরিবারের মেয়ে যাদের এলাকা থেকে উৎখাত করতে চাইছিল হিন্দুত্বের মৌলবাদীরা।
অভিনেতা রিতেশ দেশমুখ বলেন, ৮ বছরের মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করা হল এবার তার বিচারের জন্য লড়াই করা বাবার পুলিশ হেফাজতে মৃত্যু। উঠে দাড়ান, একা একাই আওয়াজ ওঠান।
অভিনেতা অক্ষয় কুমার বলেছেন, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তীতে এরকম কেউ করতে না পারে।
এছাড়াও অভনিত্রেী টসিকা চোপড়া, অক্ষয় কুমারসহ আরোও অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
