ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, হটলাইন নম্বর চালু

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে এই সেল।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিম্নোক্ত হটলাইন নম্বর সার্বক্ষণিক খোলা থাকবে:

০১৭৬৯-০১০৯৮৬

০২-৫৫০২৯৫৫০

০২-৫৮১৫৩০২২

ফ্যাক্স: ০২-৯১০২৪৬৯

ঘূর্ণিঝড় সিত্রাং এদিকে আরও প্রবল আকার ধারণ করেছে। মোংলা ও পায়রাবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোন (প্রবল ঘূর্ণিঝড়) রূপ নিয়ে উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। এতে মহা বিপৎসংকেত জারি করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর-পূর্বদিকে এগিয়ে আসছে। সোমবার সন্ধ্যা নাগাদ এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এটি দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে।

১৩ জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বরিশাল।

এছাড়া চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলো বিশেষ করে মহেশখালী, সন্দীপ ঝুঁকিপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের সব ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ডা. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। সিত্রাং পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে, ভারতে কোনো আঘাত হানবে না।

ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসার খবরে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে, বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বৃহস্পতিবার যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল,ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে, নিম্নচাপ, গভীর নিম্নচাপের রূপ পাওয়ার পর রোববার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর এ ঘূর্ণিবায়ুর চক্রের নাম দেয়া হয়েছে সিত্রাং।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তরের নির্ধারিত তালিকা থেকে ধারাবাহিকভাবে এই অঞ্চলের ঝড়ের নাম দেয়া হয়। সিত্রাং নামটি নেয়া হচ্ছে থাইল্যান্ডের প্রস্তাবিত নামের তালিকা থেকে। এর অর্থ পাতা।