রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাবেরা বেগম (৫০)। নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা তিনি। স্বামীর নাম আলাউদ্দিন (মৃত)। সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন বলে জানা গেছে।
রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান জানান, সকালে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে সাবেরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
