গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ঢাকার ধামরাই উপজেলায় গরু চুরির মামলায় এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তার ছাত্রলীগে পদ থাকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।
ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসআই আশরাফুল ইসলাম বলেন, বেশি কিছু দিন আগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। পরে দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সম্পৃক্ততা পাই।
তিনি আরও বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। পরে মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না।
