নজরুল সম্মেলন উদ্বোধন করলেন খিলখিল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২০ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার
নীলফামারীত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন করলেন কবির পৌত্রী ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী। আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলন উদ্বোধন করেন তিনি ।
এসময় খিলখিল কাজী বলেন, “জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। কবি বলেছিলেন ‘বল বীর- উন্নত মম শির! শির নেহারী’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর-।’
জাতীয় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন আয়োজিত ওই সম্মেলণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নজরুল ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভ্ঞা, ইনিস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম প্রমুখ।
সম্মেলনের প্রথম পর্বে নজরুল সঙ্গীত পরিবেশন করেন উদ্বোধক কবি নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, নাশিদ কামাল ও জান্নাতুল ইসলাম কবীর। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তার দল। এছাড়াও আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশিত হয়।
এর আগে সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলন শেষ হবে আগামী ২১ এপ্রিল। সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।
