ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশুকে যৌন নির্যাতন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৫০ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার
ভারতের শিশু যৌন নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতি ১৫ মিনিটে একটি শিশুকে যৌন নির্যাতন করা হচ্ছে দেশটিতে। ভারতের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ’ক্রাই’ এ তথ্য জানিয়েছে।
শিশু অধিকার রক্ষায় কাজ করা এই সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাবালকদের বিরুদ্ধে অপরাধ গত ১০ বছরে ৫০০ শতাংশ বেড়েছে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্য চক্রবর্তী বলেন, শিশু নিগ্রহ আগেও ছিলো। কিন্তু বিষয়গুলো সামনে আসত না। বাবা-মা, অভিভাবক সামাজিক লজ্জা অপমানের ভয়ে বিষয়গুলোকে লুকিয়ে রাখতেন। এখন দিন বদলেছে।
তিনি বলেন, বাবা মায়েরা এ বিষয়ে সচেতন থাকুন। সন্তানকে বিশ্বাস করুন। সন্তানকে কিছু বললে চুপ করিয়ে দেবেন না। মন দিয়ে শুনুন সে কি বলতে চায়।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের ৫০ শতাংশ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশে নথিভুক্ত।
